সংবাদকর্মীদের অধিকার রক্ষায় "গণমাধ্যমকর্মী আইন" দ্রুত পাসের তাগিদ দিয়েছেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসির নেতারা।
এ সময় বিদেশি টেলিভিশনগুলোতে দেশীয় বিজ্ঞাপন বন্ধ করতে আরো জোর প্রয়োগে তথ্যমন্ত্রীকে তাগিদ দেন নেতারা।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে এসব দাবি তুলে ধরেন তারা।
এরইমধ্যে বিতরণকারী কোম্পানিগুলোকে নোটিশ দেয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
শিগগিরই গণমাধ্যমকর্মী আইন পাসেরও উদ্যোগ নেয়া হচ্ছে। বাস্তবায়ন হচ্ছে সম্প্রচার নীতিমালাও। এসব বাস্তবায়ন হলেই সংবাদকর্মীদের অধিকার সুরক্ষার পাশাপাশি টেলিভিশনগুলোও ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
একই সঙ্গে সম্প্রচার নীতিমালার বাস্তবায়ন এবং বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে দ্রুত ব্যবস্থা নিতেও তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে অনুরোধ জানিয়েছেন নেতারা।
গণমাধ্যমকর্মীদের চাকরির নিশ্চয়তার জন্য উদ্যোগ নেবেন কিনা- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইন যখন হবে তখন চাকরির নিশ্চয়তা থেকে শুরু করে সব কিছুর আইনি সুরক্ষা তখনই প্রতিষ্ঠিত হবে। আইনটি দ্রুত সংসদে পাস করতে পারলেই সুরক্ষা তৈরি হবে।
সংবাদকর্মীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে কথা বলতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করতে দুপুরে সচিবালয়ে যান ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠকের শুরুতেই নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন বিজেসির সদস্য শাকিল আহমেদ।
দাবি পূরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী।
দেশে টেলিভিশন সাংবাকিতার প্রসার ঘটলেও এখনো তা শিল্পে পরিণত করা যায়নি বলে উল্লেখ করেন বিজেসির সদস্য শাকিল আহমেদ।
জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজওয়ানুল হক ও সদস্য সচিব শাকিল আহমেদ এবং নেতারা এসময় উপস্থিত ছিলেন