শ্রীলঙ্কায় সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহবাহী ফ্লাইটটি এসে পৌঁছায়।
বিমানবন্দর থেকে জায়ানের মরদেহবাহী অ্যাম্বুলেন্স বনানীর বাসায় আনা হয়। বাদ আসর চেয়ারম্যান বাড়ি মাঠে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।
জায়ান চৌধুরী রাজধানীর উত্তরার সানবিমস স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি। কলম্বোয় ভয়াবহ সন্ত্রাসী হামলায় শেখ সেলিমের জামাতা, জায়ানের বাবা মশিউল হক চৌধুরী গুরুত্বর আহত হয়ে শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
সোমবার রাতে তার অস্ত্রোপচার করা হয়েছে। এখনো স্প্লিন্টার রয়েছে তার কিডনি ও লিভারে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকস্থলীও। দুই সপ্তাহের আগে তাকে কোথাও স্থানান্তর সম্ভব নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা গেছেন।
গত রোববার ইস্টার সানডের দিনে প্রার্থনারত রাজধানী কলম্বোসহ দেশ জুড়ে ৩টি গির্জা ও ৪টি অভিজাত হোটেলসহ পুলিশকে লক্ষ্য করে একটি জায়গায় মোট ৮টি স্থানে বোমা হামলা চালানো হয়। সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন ৫০০ বেশি মানুষ। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত দুদিনে মারা গেছে বেশ কয়েকজন।