নুসরাত হত্যাকাণ্ডের মত নারীকে নির্যাতন করে হত্যার চেষ্টা ও নিপীড়নের ঘটনা গত কয়েক মাসে আরো ৬৩টি ঘটেছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।
সমাজে নারীর প্রতি সহিংসতা রোধে সরকার, প্রশাসন ও বিচার ব্যাবস্থার পাশাপাশি পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে বলেও জানান তিনি।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা তুলে ধরেন।
নিপীড়ন বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন নিয়ে সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। নারীর প্রতি নির্যাতন ও নিপীড়ন বন্ধে সমাজিক সচেতনতার পাশাপাশি বিচার ব্যাবস্থার উদাসীনতা নিয়ে কথা বলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা।
এ সময় মানবাধিকার কর্মী সুলতানা কামাল জানান, গত কয়েক মাসে নুসরাত হত্যাকাণ্ডের মত নারীর প্রতি সহিংসতার ঘটনা আরো ঘটেছে যেগুলো প্রকাশ্যে আসেনি।
তিনি বলেন, সরকার, প্রশাসন ও বিচার ব্যাবস্থার পাশাপাশি সমাজে নারীর প্রতি সহিংসতা রোধে পারিবারিক ভাবেও সচেতনতা বাড়াতে হবে।
এদিকে, একই সময়ে বাংলাদেশ শিশু পরিস্থিতি - সংবাদ পত্রের পাতা থেকে শীর্ষক আরেকটি সংবাদ সম্মেলনে, মানুষের জন্য ফাউন্ডেশন এমজেএফ জানায়, ২০১৮ সালে ধর্ষণ, যৌন নিপীড়ন, হত্যা ও শারীরিক নির্যাতনের ফলে ২৭১ জন শিশু নিহত হয়েছে। আরো ১০০৬ জন শিশু আক্রান্ত হয়েছে। এমজেএফ ৬টি জাতীয় দৈনিক পত্রিকার খবর গুলো একত্রিত করে বছর ভিক্তিতে এই তথ্য উপস্থাপন করে বলে জানান সংস্থাটির কর্মীরা।