গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের জন্য রাজধানীতে আজ বুধবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে রাজধানীর বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্প-কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে এর প্রভাবে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএসের আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা কম গ্যাস পাবেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ ২৯ মে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।
তিতাসের পরিচালক (অপারেশন) কামরুজ্জামান জানান, পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি সময় সাপেক্ষ এবং লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে কাজটি করতে হয়। তাই বুধবার ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।