সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছে রিকশাচালকরা। তাদের দাবি রাজধানীর সব সড়কে রিকশা চলাচলের অনুমতি দিতে হবে।
মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর রামপুরার ওয়াপদা রোড, উত্তর বাড্ডা ও কুড়িল বিশ্বরোডের সড়কের একপাশে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এসময় ‘সড়ক আছে যেখানে রিকশা চলবে সেখানে’, চলবে চলবে রিকশা চলবে’ স্লোগান দিতে দেখা যায় রিকশাচালকদের।
রিক্সাওয়ালারা জানিয়েছেন, সকাল ৮টা থেকে আন্দোলন শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে দাবি না মানলে আগামীকাল বুধবার সাত ঘণ্টা সড়কে আন্দোলনে থাকব।
বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মান্নান জানান, সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। রিকশাচালকরা সকাল ৮টা থেকে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে অবস্থান নেন। ঘটনাস্থলে ওসি রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তাদের সঙ্গে কথা বলে রিকশাচালকদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে রাজধানীর মুগদায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন রিকশাচালকরা।
গত ৩ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটির (ডিটিসিএ) এক বৈঠকে রাজধানীর দুটি রুটে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল রোববার (৭ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
প্রাথমিকভাবে গাবতলী থেকে আসাদগেট হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত রিকশা চলাচল করবে না। এছাড়া কুড়িল বিশ্ব রোড থেকে রামপুরা হয়ে খিলগাঁও-সায়েদাবাদ পর্যন্ত রিকশাসহ অন্যান্য অবৈধ ও অননুমোদিত যানবাহন চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়।