আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাওয়া ভবন থেকেই ক্যাসিনোর শুরু হয়েছে। সুতরাং ক্যাসিনোর জন্মস্থানই হাওয়া ভবন।
বুধবার ঢাকা-আরিচা মহাসড়কে সাভার সেনানিবাসের শুটিং ক্লাব পয়েন্টে নির্মিত আন্ডারপাসের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মদ ও জুয়া নিষিদ্ধ করেছিলেন; কিন্তু বিএনপি তা প্রবর্তন করেছে। ক্যাসিনো বন্ধে বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি, আওয়ামী লীগ নিয়েছে। খালেদা জিয়া পারেননি, শেখ হাসিনা পেরেছেন।
দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযানের বিষয়ে তিনি বলেন, যাদের ধরা হচ্ছে তারা সত্যিকারের অপরাধী।
এই অপরাধীরাই অভিযানের মূল টার্গেট উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু ঢাকাতেই এই অভিযান সীমাবদ্ধ নয়। সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া- সারা বাংলায় যত দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী আছে, তাদের বিরুদ্ধে এ অভিযান চলবে।
তিনি বলেন, এখানে চুনোপুঁটি আর রাঘববোয়ালের প্রশ্ন নয়, অনেককে দেখতে চুনোপুঁটি; কিন্তু তারা কাজ করে রাঘববোয়ালের মতো। আবার অনেককে দেখতে রাঘববোয়ালের মতো মনে হলেও দেখা যাবে সে হয়তো দুর্নীতি কিংবা অপরাধের সঙ্গে জড়িত নয়। অপরাধী যত বড় আর যত ছোট হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সম্মেলনের সঙ্গে এই শুদ্ধি অভিযানের কোনো সম্পর্ক নেই। কিছু কিছু অপরাধের কারণে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ম্লান হচ্ছে। তাই গুটিকয়েক অপকর্মকারীর জন্য আমাদের সব উন্নয়নকে ম্লান হতে দিতে পারি না। আমাদের অভিযান লোক দেখানো নয়, দুর্নীতি-মাদক-জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত চলবে।
এর আগে মন্ত্রী সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত আন্ডারপাশের উদ্বোধন শেষে কক্সবাজারের মেরিন ড্রাইভসহ দেশে সেনাবাহিনীর অংশগ্রহণে নির্মিত কাজের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, চিফ ইঞ্জিনিয়ার মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মো. শহীদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মসিউর রহমান, কর্নেল এস এম আনোয়ার হোসেন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা।