কানাডায় সোমবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ি হয়ে আবরো ক্ষমতায় আসছেন জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। এ বিজয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন ট্রুডো।
নির্বাচনে বিজয়ী হওয়ায় ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমার বিশ্বাস, এই বিজয় আপনার বৈশ্বিক নেতৃত্বের সত্যিকারের স্বীকৃতি। বাংলাদেশ সবসময়ই কানাডার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
আমাদের দু’দেশের মধ্যে বন্ধুবৎসল যে উষ্ণ সম্পর্ক রয়েছে তা সামনের বছরগুলোতে আরও জোরদার হবে বলে আমি নিশ্চিত।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনার বাবা কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী পিয়ের এলিয়ট ট্রুডোর অমূল্য অবদানকে বাংলাদেশের জনগণ গভীরভাবে স্মরণ করে। তখন থেকে আমাদের জনগণকে সার্বজনীন উদারনৈতিক আদর্শ এবং সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে ঘনিষ্ঠ রেখে চলছি।
আপনি ২০১৫ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় সক্রিয় এবং অব্যাহত সহযোগিতার জন্যও আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।’