জাতীয় পার্টির সমর্থন নিয়ে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করছিল বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১৯৯৬ সাল থেকে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের মিত্রতা শুরু।
শেখ হাসিনার নেতৃত্বে সেদিন আমাদের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে দলটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই সময় আমাদের সরকার গঠন করার জন্য কিছু আসন কম ছিল। জেলে বসেও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের সমর্থন দিয়েছিলেন। আমরা সরকার গঠন করতে পেরেছিলাম। ’৯৬ সালের অবদানের কথা আমরা ভুলিনি। আমরা জাতীয় পার্টির কাছে কৃতজ্ঞ।’ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে জাতীয় পার্টির নবম কাউন্সিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশে পল্লীবন্ধু নামে খ্যাত। তিনি আমাকে ব্যক্তিগতভাবে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন, ভালোবাসতেন। তিনি একজন বিনয়ী রাজনীতিক ছিলেন। জাতীয় পার্টি এবং হুসেইন মুহম্মদ এরশাদ একই বৃন্তে দুটি ফুলের মতো।’ সারা দেশে জাতীয় পার্টির অনেক কর্মী রয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ বেঁচে থাকলে আজ পরিবেশ আরও ভিন্নমাত্রা পেত। আজ জাতীয় পার্টির জাতীয় সম্মেলনে তার স্মৃতি বারবার মনে পড়ছে।
জাতীয় পার্টি বিরোধী দলে আসার পর সংসদের কার্যক্রমে নতুন মাত্রা এসেছে। তারা সংসদের ভেতরে ও বাইরে কখনও ভায়োলেন্সের রাজনীতি করেনি। সংসদে দায়িত্বশীল, গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করেছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রে সরকারি দল একা শক্তিশালী হলে হবে না। গণতন্ত্রকে অর্থবহ করতে হলে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। জাতীয় পার্টি এ ভূমিকাটি যথাযথভাবে এ পর্যন্ত পালন করে আসছে।’