দেশের প্রথম মেট্রোরেলের ওভারহেড ক্যাটিনারি সিস্টেম ও রেললাইন স্থাপনের কাজ উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের উত্তরা ডিপোতে এই কাজের উদ্বোধন করেন সেতুমন্ত্রী।
যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে আধুনিক গণপরিবহন হিসেবে মেট্রোরেলের পরিকল্পনা, সার্ভে, ডিজাইন, অর্থায়ন, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নিমিত্তে ২০১৩ সালের ৩ জুন শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গঠন করা হয়।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর ২০ দশমিক ১০ কিলোমিটার এই মেট্রোরেল মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সহজেই লোকজন যাতায়াত করতে পারবে।
২০২৮ সালের মধ্যে উড়াল ও পাতাল মেট্রোরেলের সমন্বয়ে ২০ কিলােমিটার দীর্ঘ এমআরটি লাইন ৫ নর্দান রুটের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরামর্শক প্রতিষ্ঠান নিয়ােগের নিমিত্তে নিগোসিয়েশন সম্পন্ন হয়েছে। ৬টি মেট্রোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার ২০৩০ সালের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।