রাজধানীর সঙ্গে চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের সংযোগ যানজটমুক্ত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে একটি বাইপাস সড়ক নির্মাণ করা হবে। এর অংশ হিসেবে হাতিরঝিল থেকে রামপুরা, বনশ্রী, আমুলিয়া হয়ে ডেমরা পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা হবে। এ জন্য হাতে নেওয়া প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর যাত্রাবাড়ী-সায়েদাবাদ অংশের অসহনীয় যানজট কমবে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার এক হাজার ২১০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পসহ ৯ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ৩২৪ কোটি ৬১ লাখ টাকা।
রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কেন্দ্রে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
পরিকল্পনামন্ত্রী জানান, একটি প্রকল্প মানসম্পন্নভাবে এবং যথাসময়ে বাস্তবায়ন করতে পরামর্শক ও স্বতন্ত্র প্রকৌশল পরামর্শক নিয়োগের মাধ্যমে নির্মাণ কার্যক্রম তদারক করা হবে। এ জন্য প্রয়োজনে বিদেশ সফরসহ প্রয়োজনীয় সব ধরনের উপকরণ সহায়তা দেওয়া হবে। হাতিরঝিল-ডেমরা সড়ক উন্নয়ন প্রকল্প সম্পর্কে তিনি বলেন, বাইপাস সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম ও সিলেট থেকে সড়কপথে রাজধানীতে যাওয়া-আসার ক্ষেত্রে এটা খুবই উপকারে আসবে। এ জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
রাজধানীর যানজট নিরসন এবং যথাযথ পরিবহন ব্যবস্থাপনা উন্নয়নে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। পিপিপির ভিত্তিতে রামপুরা ব্রিজ থেকে ডেমরা মহাসড়ক পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। প্রকল্পটির কাজ চলতি মাসেই শুরু হচ্ছে। শেষ হবে ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। চলতি অর্থবছরের উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটির বিপরীতে কোনো বরাদ্দ রাখা ছিল না। তবে উচ্চ অগ্রাধিকার প্রকল্প হিসেবে তালিকাভুক্ত ছিল।\হগতকাল অনুমোদিত অন্যান্য প্রকল্প হচ্ছে- রংপুর সিটি করপোরেশনের জন্য ১১৪ কোটি টাকার যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়; ৬৬ কোটি টাকা ব্যয়ে রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ; চট্টগ্রামের ভান্ডালজুড়ি পানি সরবরাহের সংশোধন (অতিরিক্ত ব্যয় অনুমোদন) ৯৫৮ কোটি ৮৫ কোটি টাকা; ৭৯৪ কোটি টাকার মোংলা বন্দর চ্যানেলে ড্রেজিং; ৪৫০ কোটি টাকার নারায়ণগঞ্জ লিংক (সাইনবোর্ড-চাষাঢ়া) সড়ক ছয় লেনে উন্নীতকরণ; ১৪৭ কোটি টাকার রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন; ১৯২ কোটি টাকার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও ছাতক উপজেলার আওতাধীন সুরমা নদীর ডান তীরে অবস্থিত দোয়ারাবাজার উপজেলা পরিষদ কমপ্লেপ, রক্ষীবাউর ও বেতুরা এলাকায় নদীতীর সংরক্ষণ এবং ৩৯৫ কোটি টাকার মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প। সূত্র/সমকাল