বিদেশ থেকে আসা সবাইকে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এ জন্য স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। প্রথমত, বিদেশ থেকে যারা আসবে সরকারি-বেসরকারি যে কোন প্রোগ্রাম বা ট্রেনিং থেকে আসুক না কেন, তাদেরকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ ক্ষেত্রে কোন ছাড় নেই। ডিসি, সিভিল সার্জন, এসপি, চেয়ারম্যান, মেয়র, মেম্বার, ইমামদের এগুলো প্রচারের জন্য বলা হয়েছে। কেউ কোথাও তা ভায়োলেট করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কেউ বিশ্বের যে কোনো দেশ থেকে ঢাকায় এলে তাকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ জন্য সিটি কর্পোরেশনের মেয়র, ডিসি, পৌরসভার মেয়র, টিএনও, উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ বিষয়ে খোঁজ রাখতে বলা হয়েছে। বিদেশফেরতদের শনাক্ত করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। সরকারি এ নির্দেশ না মানলে ব্যবস্থা নেয়া হবে। কেউ যদি এই নির্দেশ অমান্য করে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
মানিকগঞ্জে সৌদি থেকে আসা একজন ঘোরাঘুরি করছিল, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘যদি তার কারণে কেউ অ্যাফেকটেড হয় তবে তার আইনানুগ ব্যবস্থা ফেইস করতে হবে।’ সচিব বলেন, ‘দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নির্দেশনা দেয়া হয়েছে অভিভাবকদের নিশ্চিত করতে হবে যাতে তাদের ছেলে মেয়েরা একাকি ঘুরে না বেড়ায়। কারণ তাদের ছুটি দেয়াই হচ্ছে সেফটির জন্য। বাইরে যদি ঘোরাফেরা করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনে বিভিন্ন ব্যবস্থা নেয়া হবে। অভিভাবকের সঙ্গে ঘুরতে গেলে সেটা যেতে পারবে, কিন্তু একা একা বা দলগতভাবে কেউ যেন ঘুরে না বেড়ায়।’
তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে বলে দেওয়া হয়েছে জ্বর এবং সর্দি-কাশি থাকলে সে যেন মসজিদে না আসে। ম্যাস গ্যাদারিং, প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে সব প্রতিষ্ঠানকে বলে দেওয়া হবে।