বিভিন্ন দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে অন-অ্যারাইভাল (আগমনী ভিসা) ভিসা স্থগিতের মেয়াদ ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্রমণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে শুক্রবার (১ মে) স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত হালনাগাদ নির্দেশনায় এ কথা জানানো হয়।
এর আগের নির্দেশনা অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ ছিল ৩০ এপ্রিল পর্যন্ত।
নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস রোধে গত ১৫ মার্চ থেকে ধাপে ধাপে ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করা হয়। পাশাপাশি বন্ধ করা হয় বিমান যোগাযোগ ব্যবস্থা। পরে দফায় দফায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা বাড়ানো হয়। একই সঙ্গে বাড়ে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও। সর্বশেষ বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদও ৭ মে পর্যন্ত বাড়ানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ইতোমধ্যে ভিসাপ্রাপ্ত বিদেশি নাগরিক বা যারা নতুন ভিসার জন্য আবেদন করেছেন তাদের ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে ইস্যুকরা কোভিড-১৯ লক্ষণমুক্ত বলে চিকিৎসকদের সনদ দেখাতে হবে। পাশাপাশি বাংলাদেশে আগমনের সময় ইমিগ্রেশন কাউন্টারে জমা দিতে হবে।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোডিড-১৯ আক্রান্ত যেকোন দেশ থেকে বাংলাদেশে বা বিদেশি নাগরিকের বাংলাদেশে আসার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের স্থলবন্দরগুলোর মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশের প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে বন্দরগুলোর মাধ্যমে পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে।
এ পরিস্থিতিতে বাংলাদেশের ভিসা নিয়ে অবস্থানরত বিদেশি নাগরিকদের বর্তমান ভিসা তাদের আবেদনের বিপরীতে ভিসা ফি এবং জরিমানা পরিশোধ ছাড়া তিন মাস পর্যন্ত বাড়ানো হলো।