দ্বিতীয় দফায় করোনা টেস্টে ফলাফল পজিটিভ এসেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের।
এবার সংক্রমণ তার ফুসফুসের গভীরে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার নিজেই।
এ বিষয়ে তিনি লিখেছেন, ‘আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় কোভিড-১৯ টেস্ট আবারও পজিটিভ। ফুসফুসে গভীর সংক্রমণ ধরা পড়েছে। আশংকা সত্যি হয়ে গেল। ঘরের অন্য সদস্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।’
তিনি আরও লেখেন, ‘রাতের অন্ধকারের পর আসে ভোরের সূর্য। আলোকিত হয়ে ওঠে সবকিছু। ইনশাআল্লাহ বিশ্বাস করি, আবার সব আগের মতোই হবে। মনোবল শক্ত আছে; কিন্তু কি যেন। পরিবারের সব সদস্যকে অমানবিক এক যন্ত্রণায় ফেলে দিলাম। রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন; ধৈর্য ধরার তৌফিক দিন। সারাদেশে সবাই আমাদের জন্য যে প্রার্থনা করেছেন তা আশীর্বাদ হয়ে থাকবে।’
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সূত্রে জানা গেছে, ১৩ দিন চিকিৎসার পর গত ২৪ মে মনজুর মোহাম্মদ শাহরিয়ারের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করা হয়। দুদিন পর মঙ্গলবার রিপোর্টে পজিটিভ শনাক্ত হয়। এর পর তার সিটি স্ক্যান ও এক্স-রে করালে ফুসফুসে করোনার সংক্রমণ দেখা যায়।
গত ১৩ মে করোনায় আক্রান্ত হন মনজুর মোহাম্মদ শাহরিয়ার। সে কথা সেদিন নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আলোচনার জন্ম দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক। দেশব্যাপী ভোক্তাদের মাঝে বেশ জনপ্রিয় এই কর্মকর্তা। / যু