করোনাভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠলেও মঙ্গলবার (১৬ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। এদিন রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন বার্তা সংস্থা ইউএনবিকে বিষয়টি জানান।
তিনি বলেন, স্যারের (জাফরুল্লাহ) নিউমোনিয়ার সমস্যা বেড়েছে এবং তিনি আবারও শ্বাসকষ্টে ভুগছেন।
নিউমোনিয়া সমস্যার জন্য চিকিৎসকরা জাফরুল্লাহকে নতুন একটি অ্যান্টিবায়োটিক দিয়েছেন বলে জানান ফরহাদ। পাশাপাশি, তার নিয়মিত ডায়ালাইসিস ও চেস্ট ফিজিওথেরাপি চলছে।
এর আগে সোমবার আরটি-পিসিআর টেস্টে ডা. জাফরুল্লাহর করোনাভাইরাস সংক্রমণ সেরে ওঠার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তারও দুদিন আগে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিজেন কিটে ডা. জাফরুল্লাহ কোভিড-১৯ নেগেটিভ বলে শনাক্ত হন।
গত ২৫ মে গণস্বাস্থ্যের কিটের সাহায্যেই প্রবীণ এই চিকিৎসাবিদের করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
চারদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আরটি-পিসিআর টেস্টেও একই ফলাফল আসে।
এরপর শরীরের ইমিউন সিস্টেম বাড়াতে তাকে প্লাজমা থেরাপি দেন চিকিৎসকরা।
ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডা. জাফরুল্লাহ।