আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রী পরিবহনে রেলওয়ের কোনো বাড়তি আয়োজন থাকছে না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে রেলওয়ের আলাদা কোনো আয়োজন নেই। ঈদ সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোনো বাড়তি যাত্রী পরিবহন করবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও একইভাবে ট্রেন চলবে।’
আজ মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফর্মে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথমন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, ‘বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কয়টি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। সরকার ঈদ উপলক্ষে মানুষের গ্রামের বাড়ি যাওয়াকে নিরুৎসাহিত করছে। কাজেই আমরা ট্রেন বাড়াব না।’
করোনা সংকট থেকে নিজেদের রক্ষার জন্য যে যেখানে আছেন সেখানে থাকার আহ্বান জানান মন্ত্রী।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।