শুধু মেডিকেল বর্জ্যই নয় সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেছেন, বাস, নৌ, বিমান বা যেকোন স্টেশনের বর্জ্য অপসারণ করতে হবে। এ কাজে যে সব সংস্থা দায়িত্বপ্রাপ্ত তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। নৌ-পথের বর্জ্য অপসারণে নৌ-পরিবহন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। তাছাড়া কৃষি জমি রক্ষায় যেখানে সেখানে শিল্প স্থাপন করা যাবে না। অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপন করতে হবে।
যেখানে গ্যাস, পানি, বিদ্যুৎ রাস্তাসহ সব ধরনের সুবিধা রয়েছে। নদীর পার দখলমুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও নদীর কচুরিপানা মুক্ত করে ড্রেজিং করার জন্য বলেছেন।
তিনি আরও বলেছেন, এ প্রকল্পের সব ডকুমেন্ট বাংলায় তৈরি করতে হবে যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে। ডিজিটাল ভূমি জোনিংয়ের সময় বাংলা সব তথ্য নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।