সারাদেশে করোনা ভ্যাকসিনের অনলাইন নিবন্ধন বুধবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। সুরক্ষার ওয়েবপেজে (www.surokkha.gov.bd) গিয়ে অথবা স্মার্টফোন থেকে সুরক্ষা অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করা যাবে। ভ্যাকসিন গ্রহণ করতে হলে আঠারো বছরের উর্ধে সকল নাগরিককে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া কেউ ভ্যাকসিন পাবেন না।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ জানুয়ারি করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধনের পর থেকেই এই অ্যাপটি চালু হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে ডিজিটাল ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’তে অনলাইনে রেজিস্ট্রেশনের বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে অবহিত করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী।