মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহম্মদ সোলিহ প্রথম বিশ্বনেতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে আজ বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সকালে হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান।
ইব্রাহিম মোহম্মদ সোলিহ তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এরপর নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও ভারতের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানেরা পৃথক সময়সূচি অনুযায়ী ঢাকা আসবেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিব জয়নাল আবেদীনের বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস আগেই জানিয়েছিল, ইব্রাহিম মোহম্মদ সোলিহ আজ বিকেলে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি বিকাল সাড়ে ৪টায় এই অনুষ্ঠানে যোগ দেবেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা আজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এর আগে সাংবাদিকদের বলেছেন, দেশ-বিদেশের মেহমানেরা এই উৎসবে যোগ দেবেন, স্বাস্থ্য নির্দেশনা মেনে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ এই অনুষ্ঠান উদযাপিত হবে।
ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১০ দিনের এই অনুষ্ঠানের থিম হচ্ছে ‘মুজিব চিরন্তন’। তবে বিভিন্ন দিনের অনুষ্ঠানে পৃথক থিম থাকবে। ১৭ মার্চের অনুষ্ঠানের থিম হচ্ছে ‘ভেঙেছ দুয়ার এসেছ জোতির্ময়’।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী বাংলাদেশ সফরের অংশ হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। ইব্রাহিম মোহম্মদ সোলিহ বঙ্গভবনে দর্শণার্থী বইয়ে স্বাক্ষর করবেন।
প্রেসসচিব আরও বলেন, এ সময় দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষরের কথা রয়েছে।
পরে, মালদ্বীপের প্রেসিডেন্ট বঙ্গভবনের দরবার হল গ্রাউন্ডে বাংলাদেশের রাষ্ট্রপতি আয়োজিত এক নৈশভোজ ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।
এদিকে, শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশে দুদিনের সফরে ১৯ মার্চ বাংলাদেশ পৌঁছাবেন। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি দুদিনের সফরে ২২ মার্চ ঢাকা পৌঁছাবেন। সফরসূচি অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন।
এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকা পৌঁছাবেন এবং ২৭ মার্চ দেশে ফিরে যাবেন।