করোনায় আক্রান্ত ও সংকটাপন্ন রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত অক্সিজেটের সীমিত আকারে উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
গতকাল বুধবার (২৮ জুলাই) অধিদপ্তরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌফিক হাসানের নেতৃত্বে একটি দল এই যন্ত্রটি আবিষ্কার করেছে। প্রায় ১০ মাস কাজ করে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় কম খরচে অক্সিজেনের চাহিদা পূরণে 'অক্সিজেট' নামে সি-প্যাপ ভেন্টিলেটর যন্ত্রটি উদ্ভাবন করেছেন তারা।
গত মে মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই যন্ত্রের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। ওই সময় জানানো হয়, ট্রায়ালে সাফল্য মিললে কর্তৃপক্ষের অনুমোদনের ওপর ভিত্তি করে যন্ত্রটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। যন্ত্রটি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয় না।