ভারতের তৈরি কোভ্যাক্সিন টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন পেয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) এই অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বেশকিছু দিন আগেই কোভ্যাক্সিন টিকা দেশে ট্রায়ালের অনুমোদন চাওয়া হয়। সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য এবং যুক্তির ওপর ভিত্তি করে আমরা এই অনুমোদন দিয়েছি। এই টিকার ট্রায়ালে আর কোনো বাধা নেই।
উল্লেখ্য, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এই টিকা ট্রায়ালের জন্য বিএমআরসির কাছে অনুমতি চেয়েছিল। আইসিডিডিআরবি'র বিজ্ঞানী কে জামান এই ট্রায়ালের প্রধান গবেষক। তবে কবে নাগাদ ট্রায়াল শুরু হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ভারতের নিজস্ব উদ্যোগে তৈরি প্রথম ও এখন পর্যন্ত একমাত্র টিকা কোভ্যাক্সিন। দেশটির তেলেঙ্গানা রাজ্যভিত্তিক ওষুধ ও টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক এই টিকা তৈরি করেছে। / বাভি