করোনা ভাইরাস প্রতিরোধকল্পে সরকারঘোষিত নিয়ন্ত্রিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পর আজ বৃহস্পতিবার থেকে দেশের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। এতে পর্যটন শিল্পে জড়িতদের মধ্যে স্বস্তি বিরাজ করলেও পর্যটকসহ সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি।
আজ থেকে পর্যটনকেন্দ্রগুলোতে মানুষের ঢল নামবে। ইতিমধ্যে জেলার হোটেল-মোটেলসহ পর্যটনকেন্দ্রের আশপাশের রেস্টুরেন্ট, বিপণিবিতানগুলো খোলার প্রস্তুতি নিয়েছে। পর্যটনকেন্দ্রে পরিচ্ছন্নতা শুরু করেছে কর্তৃপক্ষ। পর্যটন কেন্দ্রসমূহের প্রবেশ মুখে থাকবে হ্যান্ড স্যানিটাইজার। সাবান দিয়ে পর্যটকদের হাত জীবাণুমুক্ত করতে হবে। অসুস্থ অবস্থায় পর্যটনকেন্দ্রে ভ্রমণ করা যাবে না।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, মাস্ক ছাড়া কাউকে পর্যটনকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।