নির্বাচন কমিশন (ইসি) এবার ১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে চায়। সাংবিধানিক প্রতিষ্ঠানটি সে অনুযায়ী ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করতে যাচ্ছে।
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার (২৩ আগস্ট) বৈঠকে বসছে ইসি।
তবে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তাদের আবেদন করতে হবে। পাশাপাশি অনলাইনে নিবন্ধিত হওয়া যাবে। এরপর বায়োমেট্রিক সম্পন্ন হলেই নাগরিকদের এনআইডি দেয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে আজ সকাল সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ৮৪তম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের এজেন্ডায় ১ জানুয়ারি ২০০৬ সাল বা তার আগে জন্মগ্রহণকারী বাংলাদেশী নাগরিকদের তথ্য সংগ্রহকরণের বিষয়টি রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সরকারের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি নির্বিঘ্ন রাখার অংশ হিসেবে ইসি নাগরিকদের এনআইডি প্রদানের আওতায় বাড়াতে চায়। এক্ষেত্রে বিদ্যমান ১৮ বছরের স্থলে বয়স ২ বছর কমিয়ে ১৬ বছর বয়সীদের এনআইডি দিতে চায়।
সরকার কোভিড-১৯ এর কারণে বিরাজমান পরিস্থিতিতে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীসহ সকল নাগরিককে ভ্যাকসিন প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণে করেছে। কোভিড ভ্যাকসিন গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অপরিহার্য। / বাংলাট্রিবিউন