শেষ স্ল্যাব বসানোর মাধ্যমে আজ সোমবার ৬.১৫ কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে সড়কপথ। সেতুটির ওপর দিয়ে যানবাহন চলাচল করার ক্ষেত্রে বাকি থাকবে শুধু পিচঢালাই। এই অর্জনের মধ্যে দিয়ে পদ্মা সেতু প্রকল্প নতুন এক মাইলফলক পূরণ করবে।
সেতুর মোট দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে বসানো হয়েছে দুই হাজার ৯১৪টি। বাকি ছিল মাত্র তিনটি স্লাব বসানোর কাজ। যার মধ্যে রাতেই বসানো হয়েছে দুটি স্লাব।
আর বাকি একটি স্লাব সোমবার (২৩ আগস্ট) সকালের মধ্যে সম্পন্ন হবে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির।
প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পিচঢালাইয়ের কাজ শুরু হবে আগামী অক্টোবর মাসের শেষ দিকে। এ কাজে তিন মাসের মতো সময় লাগতে পারে।
এর আগে চলতি বছরের ২০ জুন শেষ হয়েছিল দ্বিতল সেতুর রেলওয়ে স্লাব বসানোর কাজ।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়।