এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল কাল আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ বিমানও শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন সূচির কথা ঘোষণা করেছে।
৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন (মঙ্গলবার ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালনা করবে তারা। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন (রোববার ও বুধবার) বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।
দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু না হওয়া পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায় এ ফ্লাইট চলাচল করবে। এয়ার বাবল চুক্তি হলো, এক গন্তব্য থেকে আরেক গন্তব্য সরাসরি ফ্লাইট। মাঝে কোথাও ট্রানজিট হবে না।