দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৬ জনে।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জনে।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ১২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ৯১ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী। এ সময়ে ঢাকায় ৬ ও চট্টগ্রামে ১ একজন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।