পাঁচদিন মুলতবির পর আজ বিকেলে আবারো বসছে সংসদের অধিবেশন। আলোচনা হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নিয়ে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা আজ এবং আগামীকাল বৃহস্পতিবার দু’দিন অনুষ্ঠিত হবে। বৈঠকের শুরুতেই বিকেল ৩টায় সংসদে রাষ্ট্রপতি মোঃ আব্দুুল হামিদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর স্মারক ভাষণ প্রদান করবেন।
রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে আনীত প্রস্তাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন। আগামীকাল বৃহস্পতিবার বিশেষ আলোচনা শেষে প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হবে। অতীতের রেওয়াজ অনুযায়ী বিশেষ আলোচনা শেষে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হতে পারে।
এর আগে গত বছরের নভেম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে সংসদ কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে আনীত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে গত বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করে নানা কর্মসূচি নিয়েছিল সরকার। তবে করোনাভাইরাস মহামারীর জন্য কর্মসূচি যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এ বছরের ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচী পালিত হচ্ছে।