তিন বছর বন্ধ থাকার পর ফের উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এ বিষয়ে স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় পুত্রজায়ায় বাংলাদেশের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
সমঝোতা চুক্তি সই করতে রোববার ভোর ৫টায় মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তাকে স্বাগত জানাতে রাত থেকে মালয়েশিয়া বিমানবন্দরে অপেক্ষমান ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার, শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর (দ্বিতীয়) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল ও মালয়েশিয়া আওয়ামী লীগের ও কমিউনিটি নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ, কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, এ কামাল চৌধূরী প্রমুখ।
দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা যায় , মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ চুক্তিতে সই করবেন।
আগের চেয়ে এবারের সমঝোতা স্মারকে বেশকিছু বিষয়ে পরিবর্তন আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য- জিটুজি প্লাস পদ্ধতি উল্লেখ থাকছে না, যুক্ত হচ্ছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি, থাকছে কর্মীদের বাধ্যতামূলক বিমা, কর্মীদের দেশে ফেরার ব্যবস্থা ও খরচ বহন করবে নিয়োগদাতা, চুক্তি মেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিকেও, বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত। তবে কর্মীদের মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় বা খরচ কত হবে, তা জানা যাবে স্মারক সইয়ের পর। / জন