নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আমন্ত্রণে আজ রোববার অংশ নিচ্ছে ১৪ দলীয় জোটের শরিক ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। তবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এ সংলাপে অংশগ্রহণ করবে না বলে আগেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। বাসদের জন্যও আজ সময় নির্ধারিত ছিল।
শনিবার ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, দলের ভারপ্রাপ্ত সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণ করবে। সংলাপের বিষয়বস্তু ও প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে।
অন্যদিকে, বাসদের পক্ষ থেকে এই সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার অপারগতা প্রকাশ করে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, এর আগে ২০১২ ও ২০১৭ সালে দুবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন দলের নেতারা। ওই সংলাপে দলের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়, তা এখনও বাস্তবায়ন হয়নি। এ কারণে সংলাপে গিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না। / বার্তা২৪