মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে সারা দেশে রবিবার থেকে ঝকঝকে রোদের দেখা মিলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস।
এতে বলা হয়, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।
আবহাওয়াবিদ এ কে নাজমুল হক বলেন, “শনিবার দেশের কোথাও কোথাও রোদ আবার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। মূলত রবিবার থেকে দেশের আকাশে তেমন মেঘ থাকবে না। পুরোপুরিই রোদের দেখা মিলবে। তবে মেঘ কেটে গেলে রবিবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে।”
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ সময় ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.।
রোববার (১৬ জানুয়ারি) নাগাদ আবহাওয়ার উন্নতি হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় রাতের তাপমাত্রা হ্রাস পাবে।
শনিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে।