নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে গিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দল।
সোমবার (১৭ই জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে প্রবেশ করেন তারা।
প্রতিনিধি দলটির মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানকসহ আব্দুর রহমান।
আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মাধ্যমেই ইসি গঠনে রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর আগেই নতুন ইসি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, ২০শে ডিসেম্বর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির অংশগ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়।