বিজ্ঞাপনের ওপর উৎসে কর, টেলিভিশন নয়, বিজ্ঞাপন দাতাকেই দিতে হবে। এমন দাবি তুলেছেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। সেই সঙ্গে গণমাধ্যমের করপোরেট কর কমানোরও দাবি করেছে সংগঠনটি।
বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডে প্রাক বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় এই দাবি তুলে ধরেন অ্যাটকো নেতারা। অ্যাটকো ছাড়াও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের নেতারাও সভায় অংশ নেন। তারা সংবাদপত্রের জন্য আমদানি করা নিউজ প্রিন্টের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন নোয়াব সভাপতি একে আজাদ। ডেইলী স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, বণিক বার্তার প্রকাশক দেওয়ান মোহাম্মদ হানিফ।
সভায় অ্যাটকো নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সামাজিক দায়িত্ব পালনসহ রাজস্ব আদায় বাড়াতে এনবিআরের সহযোগী হিসেবে কাজ করছে গণমাধ্যম। কিন্তু ট্যাক্স-ভ্যাট অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতোই দিতে হয় টেলিভিশন- সংবাদপত্রগুলোকে। গণমাধ্যম মালিকদের দাবির প্রেক্ষিতে কর্পোরেট ট্যাক্স এবং নিউজ প্রিন্টের আমদানি শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করার কথা জানান তিনি।