প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির কাছে কোনো নাম প্রস্তাব করবে না বিএনপি। এই তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা সভাপতি আব্দুল আজিজ দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এ সময় মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটিতে যারা আছেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাই এতে কোন নাম দলীয়ভাবে প্রস্তাব করবে না বিএনপি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।
তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আরেকটি হুদা কমিশন করার জন্যই সার্চ কমিটি কাজ করেছে। তাই সার্চ কমিটি নিয়ে কোনো আগ্রহ বা প্রত্যাশাও নেই বিএনপির।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানসহ নাটোর বিএনপি নেতারা।