নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে গঠিত সার্চ কমিটির দ্বিতীয় সভা চলছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সুপ্রিম কোর্টের ‘জাজেজ লাউঞ্জে’ এ বৈঠক শুরু হয়।
আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বাকি পাঁচ সদস্যদের উপস্থিতিতে এই সভা শুরু হয়। কমিটির বাকি সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
নতুন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ নির্বাচন কমিশনার নিয়োগ দিতে নানা বিষয়ে দ্বিতীয় সভায় আলোচনা করবেন সার্চ কমিটির সদস্যরা।
রবিবার (৬ ফেব্রুয়ারি) প্রথম সভা করে সার্চ কমিটির সদস্যরা। ওইদিন বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, বিশিষ্টজনদের সঙ্গে আগামী শনিবার ও রবিবার মোট ৩টি বৈঠক করবে সার্চ কমিটি। সুশীল সমাজ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এই দুইদিন বৈঠকে করবে সার্চ কমিটি। তবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ই-মেইলের মাধ্যমে মতামত চাওয়া হবে বলে ঐ সময় জানান তিনি।
বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নিয়মানুযায়ী এর আগেই নতুন কমিশন গঠন করতে হবে যার অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।