আগামী জাতীয় সংসদ নির্বাচনেও দেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে ভোট দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশকে আমরা বদলে দিতে পেরেছি। এ কারণে আগামী নির্বাচনেও আশা করি জনগণ আমাদের ভোট দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে ও জনগণের ওপর আস্থা রাখে।
প্রধানমন্ত্রী বলেন, করোনা সংকটকালে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। সমস্যা গ্রস্থদের বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়েছি। মানুষের কষ্টে পাশে দাড়িয়েছি। এজন্য বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২৫৯১ মার্কিন ডলার হয়েছে।
তিনি বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজ আমরা ক্ষমতায় বলে মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সব সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। দেশের কেউ গৃহহীন থাকবে না; শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।