প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিতে মোট ৩২৯ জনের নামের তালিকা জমা পড়েছে। এর মধ্যে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ১৩৬ জনের নামের প্রস্তাব এসেছে। বাকি নাম এসেছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে করা প্রস্তাব থেকে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সব কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুজনের বদিউল আলম মজুমদার, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, সাবেক সচিব শওকাত আলী, খালেদ শামস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছেন জাফরুল্লাহ।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপিকে আবারও সংলাপে ডাকতে সার্চ কমিটিকে প্রস্তাব দিয়েছি। আমি মনে করি, নির্বাচন কমিশন গঠনে বিএনপিরও ভূমিকা রাখা উচিত। এছাড়া তাদেরও সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনের জন্য নাম পাঠানো উচিত। বিএনপির সরকার হটানোর আন্দোলনের পাশাপাশি নির্বাচন কমিশন গঠনেও মনোযোগী হওয়া উচিত। নির্বাচন কমিশনে সৎ, নির্লোভ মানুষ না আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।