শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে টানা ২৭ দিন আন্দোলনের পর কর্মসূচি প্রত্যাহার করলো শিক্ষার্থীরা। আজ শনিবার(১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলন আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ বলেন, ‘দাবি পূরণে শিক্ষামন্ত্রীর আশ্বাসে আমরা আপাতত আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। আমরা চাই কালকে থেকেই বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু হোক। বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে চলুক। যাতে শিক্ষার্থীদের সেশন জটে পড়তে না হয়।’
রাজ বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে শুক্রবার অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। মন্ত্রী আমাদের প্রায় সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে আমাদের মূল দাবি উপাচার্যের পদত্যাগের বিষয়টি আচর্যকে জানানোর আশ্বাস দিয়েছেন।
‘আশা করি বিষয়টি জেনে মহামান্য আচার্য এই অযোগ্য উপাচার্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন। মন্ত্রী যেহেতু আশ্বাস দিয়েছেন তাই আমরা কিছুদিন দেখতে চাই। এ কারণে আন্দোলন স্থগিত করছি।’
এক প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘আমরা উপাচার্যকে অবাঞ্ছিত করেছিলাম। একই সঙ্গে আমরা এও চাই না বিশ্ববিদ্যালয় আর একটি দিনও বন্ধ থাকুক। তাই উপাচার্য তার কার্যক্রম শুরু করলে, আমরা আপাতত কোনো বাধা দেব না।’