বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষায় কোস্ট গার্ড ধারাবাহিক সফলতা দেখিয়েছে। তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব কিছু করা হবে-এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর সদস্যদের প্রতি দেশপ্রেম, সততা ও ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাহিনীর সুনাম ও মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে সরকার প্রধান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা সবসময় দেশপ্রেম, সততা ও ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করে কোস্ট গার্ডের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখবেন। দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা বিধানে যথাযথভাবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি।
সরকার প্রধান আরো বলেন, বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে যা যা করা দরকার তার সব কিছুই করবে সরকার।
কোস্ট গার্ডের উন্নয়ন ও আধুনিকায়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী।