প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরির সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ চতুর্থ দফা বৈঠকে বসছে সার্চ কমিটি।
কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. সামসুল আরেফিন এ তথ্য জানিয়েছেন।
এ পর্যন্ত পাওয়া ৩২৪ জনের নামের তালিকা থেকে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিবর্গের প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করে । যাদের মধ্যে ১০ জনকে বাছাই করে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। পরে রাষ্ট্রপতি তাদের মধ্যে থেকে পাঁচ জনের নাম চূড়ান্ত করবেন।
এর আগে সার্চ কমিটি নিজেদের মধ্যে দুই বার এবং গণমাধ্যমের সঙ্গে চার বার বৈঠকে বসে। গত শনিবার, রবিবার ও মঙ্গলবার মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণী-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। এর মধ্যে তারা দুই বার নিজেদের মধ্যেও বৈঠক করে।
স্বাধীনতার ৫০ বছর পর এই প্রথম আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগের লক্ষ্যে গেল ২৭শে জানুয়ারি 'নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২' জাতীয় সংসদে পাস হয়।