প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার খুঁজে বের করতে গঠিত সার্চ কমিটি আজকের (শনিবার) বৈঠক থেকে ২০ জনের প্রাথমিক তালিকা চুড়ান্ত করতে পেরেছে বলে জানা গেছে।
বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন।
সামসুল আরেফিন জানান, সার্চ কমিটির বৈঠকে ২০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল রোববার সার্চ কমিটি আবার বসবে। সেখানে বাছাইয়ের পর ১০টি নাম চূড়ান্ত করা হবে।
সর্বশেষ তালিকায় থাকা ২০ জনের নাম প্রকাশ করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে সামসুল আরেফিন বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সার্চ কমিটি।
শনিবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত আছেন।
নির্বাচন কমিশনের জন্য গঠিত এই সার্চ কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এর আগেই নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবে এই কমিটি। তার পরই সার্চ কমিটির কার্যকারিতা সাংবিধানিকভাবে শেষ হবে।
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন সদ্য বিদায়ী নির্বাচন কমিশন দায়িত্ব নেয়। গেল সোমবার (১৪ ফেব্রুয়ারি) তাদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।