বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ২৪ বিশিষ্ট নাগরিককে ‘একুশে পদক-২০২২’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পদক তুলে দেয়া হয় বিশিষ্টজনদের হাতে। পদক হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে এ পদক বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় পদক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
পদক পেয়েছেন যারা
ভাষা আন্দোলন: মোস্তফা এম. এ. মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন (মুকুল) (মরণোত্তর)
শিল্পকলা: নৃত্যে জিনাত বরকতউল্লাহ, সংগীতে নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেণু, অভিনয়ে খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন ও মাসুম আজিজ
মুক্তিযুদ্ধ: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ. এ. বি. এম রহমান ও আমজাদ আলী খন্দকার
সাংবাদিকতা: এম এ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তিতে মো. আনোয়ার হোসেন
শিক্ষা: অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ
সমাজসেবা: এস. এম. আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের
ভাষা ও সাহিত্য: কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ
গবেষণা: ড. মো. আবদুস সাত্তার মন্ডল, ড. মো. এনামুল হক (দলগত) (দলনেতা), ড. সাহানাজ সুলতানা (দলগত) ও ড. জান্নাতুল ফেরদৌস (দলগত)
নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।