নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে ২০ জনের প্রাথমিক তালিকা ছোট করে ১২ থেকে ১৩ জনের নাম ঠিক করেছে সার্চ কমিটি। তাদের মধ্য থেকেই ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। তবে কারো নাম প্রকাশ করা হবে না।
গতকাল বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
তিনি বলেন, রোববারের বৈঠক পর্যন্ত সার্চ কমিটি ১২-১৩ জনের নাম চূড়ান্ত করেছে। ২২ ফেব্রুয়ারির বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। তবে তাদের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি।
গতকাল বিকাল পৌনে ৫টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শুরু হয়। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং লেখক ও অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।