আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে যাচ্ছে সার্চ কমিটি। নির্বাচন কমিশন পুনর্গঠনে দশজনের নামের তালিকা জমা দেবে তারা। সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
সার্চ কমিটি দায়িত্ব পালনকালে নিজেরা সাতটি সভা এবং ইসি গঠনে পরামর্শ পেতে ৪৭ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী পরিষদ বিভাগ ১৪ ফেব্রুয়ারি ৩২২ জনের নাম ওয়েবসাইটে প্রকাশ করে। এদের মধ্যে রাজনৈতিক ব্যাক্তিত্ব, পেশাজীবী সংগঠন এবং ব্যাক্তি পর্যায়ের নামও রয়েছে। তালিকা যাচাই-বাছাই করে কয়েকজনের নাম একাধিকবার পাওয়া যায়। সংশোধনের পর তালিকায় ৩১৫ জনের নাম ছিল। এরপর তালিকায় নাম কমিয়ে ৫০ জন, পরে ২০ জন এবং সবশেষে ১০ জনের নাম রাখা হয়।
গত ২৭ জানুয়ারি তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে জাতীয় সংসদে ইসি গঠন প্রক্রিয়া নিয়ে আইন পাস হয়। ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়েছে।