গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নব-নিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। আজ শনিবার (৫ মার্চ) সকাল ১০টায় শ্রদ্ধা জানান তিনি। পরে স্থানীয় সাংবাদিকদের কাছে কথা বলেন। জানান তার অনুভূতি।
বিজিবির নব-নিযুক্ত মহাপরিচালক বলেন, জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট ভুমিকা রাখছেন। তার যোগ্য নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধ পরিকর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তিনি আরও জানান, মহান স্বাধীনতা যুদ্ধে এ বাহিনীর দুই জন বীরশ্রেষ্ঠসহ ৮ শত ১৭ জন শহীদ হয়েছেন। আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এ বাহিনীকে সৃষ্টি করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বাহিনীকে ত্রিমাত্রিক ও নবজীবন দান করেছেন।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বিজিবি’র একটি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছিলে বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তারা তাকে স্বাগত জানন। পরে তিনি জাতির পিতার সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিজিবি’র একটি চৌকস দল অনার গার্ড প্রদর্শন করে। এরপর তিনি সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লেখেন।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম ও পৌর-মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।