আজ মঙ্গলবার সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।
তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন।
সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রিন্স ফয়সাল। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ‘রাজনৈতিক পরামর্শ’ নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন দুই মন্ত্রী।
আগামী কাল বুধবার (১৬ মার্চ) সকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। একইদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, বেশ কয়েকটি বড় আকারের বিনিয়োগ প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এছাড়া বাণিজ্য বৃদ্ধির বিষয়েও আলোচনা করতে চায় বাংলাদেশ।
সফর শেষে বুধবার বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর।