দেশের বৃহত্তর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ মার্চ) দুপুর পৌনে ১২টায় বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করেন তিনি।
এর আগে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পটুয়াখালী পৌঁছেন শেখ হাসিনা। এরপর কোল জেটি এলাকার রাবনাবাদ নদীর মোহনায় ২২০টি নৌকার সমন্বয়ে এক মনোমুগ্ধকর প্রদর্শনীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে এই অঞ্চলের জেলেরা স্বাগত জানান। এর মধ্যে ১০০টি নৌকা ছিল পালতোলা, ১০০ নৌকায় ছিল প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন। বাকি ২০ নৌকায় ছিলেন নিরাপত্তাকর্মীরা।
নৌকাগুলো সাজানো হয় নানা রঙে। সঙ্গে বাজে ‘ও মাঝি পাল উড়াইয়া দে নাও ছাড়িয়া দে’ গানের যন্ত্রসংগীত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সেই প্রদর্শনীর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন।
উল্লেখ্য, উপজেলার মহিপুর ইউনিয়নের নজীবপুর গ্রামের আন্ধারমানিক নদীর তীরে বরিশাল চারুকলা বিদ্যালয়ের ১০ জন শিল্পী এ নৌকাগুলোকে প্রস্তুত করেছেন। প্রায় ৪ দিন ওই ১০ শিল্পীসহ মোট ৩৫ জন সহকারীর প্রচেষ্টার পর এ নৌকাগুলোর সাজসজ্জার কাজ শেষ হয়েছে।