নির্বাচন কমিশন (ইসি) আজ মঙ্গলবার সুশীল সমাজের সঙ্গে বসবে। এ বৈঠকে সুশীল সমাজের ৪০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার কাছে গ্রহণযোগ্য কর্মপদ্ধতি নির্ধারণে নিমিত্তে বিশিষ্টজনদের সঙ্গে সংলাপের অংশ হিসেবে ইসি ধারাবাহিক আলোচনা শুরু করে। এর আগে গত ১৩ মার্চ কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন দেশের শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ করে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনারসহ কমিশনের কর্মকর্তারা অংশ নেবেন।
গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ ফুরানোর পর ২৬ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং ৪ জন নির্বাচন কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।