প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা দোষেই যুক্তরাষ্ট্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যা গর্হিত কাজ।
সোমবার(২৮ মার্চ) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জঙ্গিবাদ, মাদক, খাদ্যে ভেজালসহ করোনাভাইরাস মহামারিতে র্যাবের ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, ‘আমাদের দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, র্যাব বা পুলিশ যে কেউ তারা নিজেরা যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে, আমরা কিন্তু তার শাস্তির ব্যবস্থা করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যারা আমাদের বিনা কারণে, বিনা দোষে, র্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যারা স্যানকশন জারি করেছে, তাদের দেশে কিন্তু এ ধরণের অপরাধ করলে, তারা কিন্তু তাদের কোনো বাহিনীর বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না।’
বাংলাদেশে নানা ক্ষেত্রে র্যাবের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তারপরও দুর্ভাগ্যের বিষয়, যারা এ ধরনের অভিযান করে সাফল্য অর্জন করেছে, যারা হলি আর্টিজানের মতো ঘটনা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আমরা সেটা উদ্ধার করি, জলদস্যু, বনদস্যু বা মাদক বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য এ সাফল্যে এরা কোনো দুঃখ পেয়েছে কি না বলতে পারি না। কিন্তু বাংলাদেশ যে এক্ষেত্রে সাফল্য অর্জন করেছে এটা হল সত্য। আর সেক্ষেত্রে এ ধরণের স্যানকশন জারি করা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি।’
গত বছরের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও সংস্থাটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র । আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।
নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ রয়েছেন। তিনি এখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। বেনজীর আহমেদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার আওতায়ও পড়েছেন তিনি।
এ ছাড়া র্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পৃথক এক ঘোষণায় বেনজীর আহমেদ এবং র্যাব-৭-এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদের ওপর সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। ২০১৮ সালের মে মাসে কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ততার জন্য এ দুজনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে বাংলাদেশ অসন্তোষ জানিয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পরষ্পরকে দোষারোপ করে ‘লবিস্ট নিয়োগ’ ইস্যুতে বাদানুবাদে জড়িয়ে পড়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।