নতুন বছরকে স্বাগত জানাতে আজ (১২ এপ্রিল) থেকে রাঙামাটির বাঘাইছড়িতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বিজু উৎসব। নিয়ম অনুযায়ী এই উৎসব চলবে টানা ৩ দিন। উৎসবের বড় আয়োজন নদীতে ফুল ভাসানো। এছাড়াও বিভিন্ন পাড়া-মহল্লায় নানা ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়েছে।
রীতি অনুযায়ী কাপ্তাই হ্রদের শাখা কাচালং নদীতে ফুল ভাসানোর মাধ্যমে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগতম জানাতে জড়ো হন হাজারো পাহাড়ি।
মুহূর্তেই কাচালং নদীর দুই পাশ ফুলে ফুলে ভরে ওঠে। নদীতে ফুল ভাসানো শেষে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উজনী যুব শিল্পীগোষ্ঠী। এতে নাচে-গানে মুখরিত থাকে দর্শনার্থীরা।
বিজু উৎসব উদ্যাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিজু উৎসব চলবে টানা তিন দিন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানানো হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বরাবরের মতো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবারও সব ধরেনর সহযোগিতা রয়েছে।