জনপ্রিয় লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৩ এপ্রিল) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল-মামুন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেএমবির সূরা সদস্য আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহিদ, সালাহউদ্দিন ওরফে সালেহীন, মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শাওন ও নুর মোহাম্মদ ওরফে সাবু।
সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নুর মোহাম্মদ পলাতক থাকায় তাঁরা গ্রেপ্তার হওয়ার পর অথবা কোনো আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে।
আদালত রায়ে উল্লেখ করেছেন, আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তবে দণ্ড কার্যকরের আগে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্টের অনুমোদন (ডেথ রেফারেন্স) নিতে হবে। আদালত মামলার নথি দ্রুত হাইকোর্টে প্রেরণের জন্য আদালতের সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
রায় ঘোষণার আগে কারাগারে থাকা আসামি মিজানুর রহমান ওরফে শাওন ও আনোয়ার আলমকে আদালতে হাজির করা হয়।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরদিন তাঁর ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরের ৮ আগস্ট তিনি জার্মানিতে যান। পরে ১১ আগস্ট রাতে তিনি মারা যান। ১২ আগস্ট হুমায়ুন আজাদের মৃতদেহ উদ্ধার করেন জার্মানি পুলিশ। এরপর হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন) সংযুক্ত করার আবেদন জানান। আদালত তা মঞ্জুর করলে, এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
২০০৭ সালের ১৪ জানুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ওই বছরই অভিযোগ গঠন করা হয়। অপর আসামি রকিবুল হাসান ওরফে হাফিজ মাহমুদ মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।