ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রাকে 'মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য' হিসেবে আগেই ঘোষণা করেছে ইউনেস্কো। করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর সশরীরে আবার বের হল এই শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্য আর সমসাময়িক নানা ঘটনা প্রতীকী হিসেবে উঠে এসেছে শোভাযাত্রায়।
মঙ্গল শোভাযাত্রার এবারের স্লোগান 'নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে'। শোভাযাত্রায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ১৪২৯ সনের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রা স্মৃতি চিরন্তন হয়ে পুনরায় টিএসসিতে গিয়ে শেষ হয়।